বিশেষ প্রতিনিধি,
ফেনীর ফুলগাজীতে জামায়াতে ইসলামীর কর্মীদের চারটি দোকান ভাঙচুরের অভিযোগ ওঠার পর কৃষক দলের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় এ সিদ্ধান্ত নেয় দলটি।
অব্যাহতি পাওয়া কৃষক দলের ওই নেতা হলেন মো. সুমন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি ফুলগাজী উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু আহমেদ ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, গতকাল দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারের পোস্ট অফিস রোডে অবস্থিত জামায়াত নেতা আনোয়ার হোসেনের ‘আনোয়ার ফ্যাশন সুজ’ ও ‘ভাই ভাই ক্রোকারিজ’ নামের দুটি দোকানে হামলার অভিযোগ ওঠে। জামায়াতের দাবি, এ ঘটনায় কৃষক দলের নেতা মো. সুমন এবং যুবদলের দুজন জড়িত ছিলেন। একই সময়ে বাজারের আরও দুটি দোকানে ভাঙচুর করা হয়। এ ঘটনায় জামায়াত কর্মী আনোয়ার হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। এরপরই কৃষক দল থেকে মো. সুমনকে অব্যাহতি দেওয়া হয়।
কৃষক দলের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা–পরিপন্থী কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. সুমনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মো. আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন বলেন, ‘দলের নাম ব্যবহার করে যারাই অপকর্ম করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষক দল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানতে পেরেছি।’
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফেনীর তিন আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
- » নির্বাচন পরবর্তী সহিংসতারোধে যুবদল নেতা সুমনের ভুমিকা
- » ফেনীতে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ
- » বিএনপির বিজয়ী প্রার্থী ভিপি জয়নাল পরাজিত প্রার্থী মঞ্জুকে মিষ্টিমুখ করালেন
- » ফেনীতে ভোট দেয়ার অপরাধে তালাক দেয়া গৃহবধূর পাশে বিএনপি
- » খালেদা জিয়ার আসনে জয় লাভ করলেন মনজু
- » যেসব হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন..
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া









